নকলায় কিশোরীদের হাঁস-মুরগি পালন বিষয়ে আয়মুখী প্রশিক্ষণ
আব্দুল্লাহ আল-আমিন, (শেরপুর) নকলা
শেরপুরের নকলা উপজেলায় কিশোরীদের আত্মনির্ভরশীল করে তুলতে হাঁস-মুরগি পালন বিষয়ে একটি দিনব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার জালালপুরে ব্র্যাক এরিয়া অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচি।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, শাখা ব্যবস্থাপক মো. জিয়াউল হক, জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সেলপ কর্মসূচির কর্মকর্তা মো. অলিউল্লাহ।
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস ও মুরগি পালনের মৌলিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি খামার ব্যবস্থাপনা, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বাড়ানোর কৌশল বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও তুলে ধরা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া কিশোরীরা জানান, এমন বাস্তবমুখী উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যেতে সহায়তা করবে। ভবিষ্যতে হাঁস-মুরগি পালনকে আয়বর্ধক পেশা হিসেবে গ্রহণে তারা আরও আগ্রহী হয়ে উঠেছেন বলেও জানান তারা।