ফুটবল থেকে অভিনয়ে নতুন অধ্যায় শুরু করলেন জামাল ভূঁইয়া
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার নিজেকে ভিন্ন এক পরিচয়ে হাজির করতে যাচ্ছেন। মাঠে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি পা রাখলেন অভিনয়ের জগতে, যা তার ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। রাজধানীর কলাবাগানের একটি মাঠে গত সোমবার (১৫ জুন) থেকে শুরু হয়েছে এই সিরিজের শুটিং। নির্মাণে আছেন তারিক মুহাম্মাদ।
এই সিরিজে জামালের সঙ্গে অভিনয় করছেন তাসনুভা তিশা ও লামিমা লাম। এর আগে বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা থাকলেও এটি তার প্রথম পূর্ণাঙ্গ অভিনয় প্রকল্প।
অভিনয়ে আসার প্রসঙ্গে জামাল জানান, শুরুতে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। তবে পরিচালকের একাধিকবার অনুরোধ ও উৎসাহে শেষ পর্যন্ত রাজি হন। তিনি বলেন, পরিচালকের আগের কাজ এবং সংশ্লিষ্টদের পরামর্শ তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। বিশেষ করে আশরাফুলের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে।
শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, পুরো প্রক্রিয়াটি তার কাছে এক ধরনের জাদুর মতো মনে হচ্ছে। বিজ্ঞাপনে কাজ করলেও নাটকে অভিনয় করা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। সহ-অভিনেতারা পেশাদার হওয়ায় কাজটি চ্যালেঞ্জিং হলেও উপভোগ করছেন তিনি।
এছাড়া কলাবাগানের মাঠটির সঙ্গে তার ব্যক্তিগত আবেগের কথাও তুলে ধরেন জামাল। এই মাঠ থেকেই তার ফুটবল ক্যারিয়ারের সূচনা, আর এখন সেখানেই হচ্ছে অভিনয়ের শুটিং— যা তার কাছে বিশেষ অনুভূতির।
৮ পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।