কাতারে নতুন কড়াকড়ি: আকামা বাতিল হলে ১৪ দিনের মধ্যেই দেশ ছাড়ার নির্দেশ
অনলাইন ডেস্ক
কাতারে বসবাসরত প্রবাসীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এখন থেকে যেসব প্রবাসীর রেসিডেন্স পারমিট (আকামা) বাতিল হবে, তাদের সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে কাতার ত্যাগ করতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে প্রতিদিনের জন্য জরিমানা গুনতে হবে।
সম্প্রতি ‘নিরাপদ ভ্রমণ প্রক্রিয়া’ বিষয়ক এক ওয়েবিনারে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদ আল কুওয়ারি এ তথ্য জানান। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, আগে আকামা বাতিলের পর দেশ ছাড়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হলেও বর্তমানে তা কমিয়ে দুই সপ্তাহ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় পার হলে প্রতিদিন ১০ কাতারি রিয়াল জরিমানা ধার্য হবে। এদিকে ভিজিট ভিসায় কাতারে অবস্থানকারীদের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ অবস্থান করলে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে।
প্রবাসীদের যাত্রার আগে ‘মেত্রাশ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজেদের আইনি অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক জরিমানা বা অন্যান্য বকেয়া থাকলে তা আগে পরিশোধ না করলে বিমানবন্দরে সমস্যার সম্মুখীন হতে পারেন। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে ই-গেট ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে, যাতে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
বর্তমানে বিমানবন্দরে আগমন ও প্রস্থান মিলিয়ে ৭৬টি ই-গেট চালু রয়েছে। এছাড়া পুরোনো পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে রেসিডেন্স পারমিট স্থানান্তরসহ বিভিন্ন সেবা এখন ‘মেত্রাশ’ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে। অন্যদিকে, কাতারে কোনো প্রবাসী দম্পতির সন্তান জন্ম নিলে দ্রুত তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
নবজাতকের জন্য নির্ধারিত সময়ের মধ্যে রেসিডেন্স পারমিট গ্রহণ না করলে ভবিষ্যতে দেশটিতে পুনরায় প্রবেশে জটিলতা তৈরি হতে পারে।