ইউনূসের বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ—আটক ৩
অনলাইন ডেস্ক:
রাজধানীর মহাখালী এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী টার্মিনালের মূল সড়কে আওয়ামী লীগের ব্যানারে কয়েকজন হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা হামে শিশু মৃত্যুর জন্য ড. ইউনূস ও নুরজাহান বেগমকে দায়ী করে তাদের বিচারের দাবি জানান। এ সময় মিছিলকারীদের হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভ চলাকালে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) এবং শামীম হোসেন (৪৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “আওয়ামী লীগের ব্যানারে কিছু ব্যক্তি মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।