নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও দুর্যোগ সহায়তা বিতরণ
আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ জোগাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), নকলা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে তাদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকারের এ ধরনের উন্নয়নমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় এসব উদ্যোগ সহায়ক হিসেবে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।