পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ,সংঘর্ষে নারীসহ আহত-৪
এম এ হোসেন পাটোয়ারী (রংপুর) পীরগাছা
রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো. আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবার যে রাস্তা ব্যবহার করে আসছিল, সম্প্রতি প্রতিবেশী জামাল মিয়া ও তার সহযোগীরা সেই পথটি বন্ধ করে সেখানে ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। এ সময় পরিবারের সদস্যদের মারধর এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
হামলায় আমিনুল ইসলামের স্ত্রী, মা, ভাতিজি ও ছোট ভাইয়ের স্ত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থায় একজনকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, তাদের এক পাশের চলাচলের পথ আগেই বন্ধ ছিল। সর্বশেষ অপর পাশের পথটিও বন্ধ হয়ে যাওয়ায় তারা কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। বাজারে যাতায়াত, সন্তানদের স্কুলে আনা-নেওয়া এবং জরুরি চিকিৎসা সেবা গ্রহণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
আমিনুল ইসলাম বলেন, “আমরা এখন কার্যত ঘরবন্দি। চলাচলের কোনো পথ নেই। প্রশাসনের কাছে দ্রুত রাস্তা পুনরুদ্ধার এবং হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।”
এ ঘটনায় পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে অভিযুক্ত জামাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তাদের বৈধভাবে ক্রয়কৃত ও মালিকানাধীন। সেখানে নিজস্ব জমিতে ঘর নির্মাণ করা হচ্ছে এবং কারও চলাচলের পথ বন্ধ করা হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।