নকলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
অনলাইন ডেস্ক:
শেরপুরের নকলা উপজেলায় কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করা এবং দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি করার লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. আবু জফার মোঃ মোসলেহ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াহেদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খুরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তারসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন প্রজাতির ফলের আকর্ষণীয় প্রদর্শনী করা হয়েছে। পাশাপাশি ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোগবালাই ব্যবস্থাপনা এবং কৃষি সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন কৃষকদের ফল চাষে আগ্রহ বাড়াতে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলাটি আগামী ২০ জুন পর্যন্ত প্রতিদিন সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।